মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ীতে ‘সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি’ স্লোগানে আয়োজিত জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি হাসিখুশি পরিবার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকেও চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় খেলাধুলা, নাটক, গানসহ সুস্থ সংস্কৃতিচর্চা বাড়াতে হবে।
তিনি বলেন, মননশীল ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকবে না। একটি মাদকমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক গোষ্ঠীটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের শুধু শিল্পী নয়, একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।